আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত অ্যাম্বুল্যান্স চালক, প্রাণে বাঁচলেন রোগী

শনিবার আলিপুরদুয়ারে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অ্যাম্বুল্যান্স চালক। মৃত চালকের নাম সঞ্জয় বসুমাতারি। তিনি অসমের বাসিন্দা এবং মাদারিহাটের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। মাদারিহাট থেকে এক মুমূর্ষু রোগীকে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের দিকে যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গুয়াহাটির দিক থেকে শিলিগুড়িগামী একটি গাড়ি প্রথমে সামনে থাকা একটি কন্টেনারকে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি সরাসরি অ্যাম্বুল্যান্সে গিয়ে আছড়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সঞ্জয় বসুমাতারির মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। অ্যাম্বুল্যান্সে থাকা রোগী প্রাণে বেঁচে গেলেও তাঁকে তড়িঘড়ি অন্য একটি গাড়িতে করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।