দিনহাটায় মেয়ের জন্ম শংসাপত্র পেতে দীর্ঘ ভোগান্তি বাবার, অবশেষে মিলল আবাসিক শংসাপত্র

কোচবিহারের দিনহাটা-২ ব্লকের বাসিন্দা আব্দুল হাবিব দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নিজের আবাসিক শংসাপত্র হাতে পেয়েছেন। গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়। এরপর মেয়ের জন্ম শংসাপত্র সংগ্রহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ হাবিবের কাছে আবাসিক শংসাপত্র দাবি করে। কিন্তু ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর প্রক্রিয়ার সময় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তিনি এই নথি সংগ্রহ করতে গিয়ে চরম বিপাকে পড়েন।
গত ১১ সেপ্টেম্বর থেকে শংসাপত্র পাওয়ার জন্য হাবিবকে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে হয়। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি এবং প্রশাসনিক জটিলতার কারণে তিনি বারবার ফিরে আসছিলেন। স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা মেলেনি। শেষ পর্যন্ত বিডিও অফিসের হস্তক্ষেপে বৃহস্পতিবার তিনি আবাসিক শংসাপত্রটি হাতে পান। এই নথি পাওয়ার পর তিনি মেয়ের জন্ম শংসাপত্রের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
দিনহাটা-২ ব্লকের বিডিও ল্যামু ওয়াই ওয়াংদি হাবিবকে আবাসিক শংসাপত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মেয়ের জন্ম শংসাপত্র পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন হাবিব। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, শিশুটির জন্ম নিবন্ধনের শংসাপত্র অনলাইনে পাওয়া যাবে এবং এর জন্য প্রায় এক থেকে দেড় মাস সময় লাগতে পারে। দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতার পর কিছুটা স্বস্তি পেলেও, চূড়ান্ত শংসাপত্র হাতে না পাওয়া পর্যন্ত দুশ্চিন্তা কাটছে না ওই বাবার।