ফেসবুক পোস্টের জেরে তপসিয়ার পুরনো তৃণমূল ভবন সিল করল পুলিশ! রাতে ছুটলেন কুণাল-বৈশ্বানর

ফের ফেসবুক পোস্ট ঘিরে বিড়ম্বনায় শাসকদল। শুক্রবার তপসিয়ার নির্মীয়মাণ পুরনো তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ। শুধু তা-ই নয়, বাইপাস থেকে ওই কার্যালয়ে ঢোকার রাস্তাতেও ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়। এই খবর পৌঁছতেই শুক্রবার রাতে ঘটনাস্থলে ছুটে যান উত্তর কলকাতার জেলা সভাপতি কুণাল ঘোষ এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, তপসিয়ার পুরনো তৃণমূল ভবনে আগে থেকেই নির্মাণকাজ চলছিল। সেই কারণে দলীয় কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য মেট্রোপলিটনের নতুন ভবনে কার্যালয় সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মেট্রোপলিটনের সেই ভবন কার্যত ঋতব্রত শিবিরের দখলে। এই আবহে কালীঘাট তৃণমূলের একটি অংশ, মহিলা তৃণমূল এবং আইটি সেলের তরফে গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুরনো নির্মীয়মাণ ভবনে নিয়মিত বসার এবং সবাইকে সেখানে আসার আহ্বান জানানো হচ্ছিল। এমনকি ওই নির্মীয়মাণ বাড়ির নীচে একটি বৈঠকও করা হয়।
এর পরেই শুক্রবার হঠাৎ সেখানে পৌঁছে যায় পুলিশ। নির্মীয়মাণ কার্যালয়টি সিল করে দেওয়ার পাশাপাশি প্রবেশপথে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। রাতে কুণাল ঘোষ ও বৈশ্বানর চট্টোপাধ্যায় সেখানে পৌঁছনোর খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় আনন্দপুর থানার পুলিশও। দু’পক্ষের মধ্যে দীর্ঘ কথাবার্তা হয়।
পুলিশ সূত্রে খবর, কালীঘাট শিবিরকে স্পষ্ট জানানো হয়েছে যে, বাড়িটি এখনও নির্মীয়মাণ হওয়ায় তা ব্যবহারের উপযোগী কি না, সে বিষয়ে পুরসভার শংসাপত্র প্রয়োজন। সেই শংসাপত্র এখনও না মেলায় বাধ্য হয়েই ভবনটি সিল করতে হয়েছে। শেষ পর্যন্ত দু’পক্ষের মধ্যে একটি মৌখিক সমঝোতা হয়। তৃণমূল সূত্রে দাবি, ওই ভবনে আপাতত কেউ বসবেন না বলে স্থির হয়েছে এবং পুলিশের তরফেও প্রবেশপথের ব্যারিকেড আংশিক সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, বারবার দলের অন্দরের গোপন বিষয় ফেসবুকে চলে আসায় ক্ষুব্ধ দলেরই একাংশ। এক প্রবীণ নেতার কথায়, নতুন এক আইনজীবী বেনারসের খাওয়াদাওয়া থেকে শুরু করে রাজনৈতিক সমস্ত বিষয়ই ফেসবুকে জানিয়ে দিচ্ছেন। ফলে দলের যে সমস্ত বিষয় গোপন রাখা উচিত, তা প্রকাশ্যে চলে এসে বারবার অস্বস্তি বাড়াচ্ছে।