অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের, ব্ল্যাকমেল রুখতে অভিভাবকদের করণীয়

বর্তমান যুগে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এই সুযোগের আড়ালে ওত পেতে রয়েছে সাইবার অপরাধীরা। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আইফোরসি) শিশুদের অনলাইন সুরক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। অপরাধীরা সাধারণত গেমিং প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া বা মেসেজিং অ্যাপের মাধ্যমে শিশুদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের ব্যক্তিগত ছবি বা ভিডিও হাতিয়ে নেয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সেই ছবি বিকৃত করে ব্ল্যাকমেল করা হয়।
সাইবার বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় পদক্ষেপ নেওয়া জরুরি। শিশুদের শুরু থেকেই শেখাতে হবে যে, অনলাইনে কেউ অস্বস্তিকর প্রস্তাব দিলে বা ব্যক্তিগত ছবি চাইলে যেন তারা ভয় না পেয়ে তৎক্ষণাৎ মা-বাবাকে জানায়। সন্তান এমন সমস্যার কথা জানালে তাকে দোষারোপ না করে শান্তভাবে তার পাশে দাঁড়াতে হবে। ব্ল্যাকমেলকারীর পাঠানো মেসেজ, প্রোফাইল লিঙ্ক বা ফোন নম্বরের স্ক্রিনশট সংগ্রহ করে দ্রুত জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ ফোন করতে হবে অথবা সরকারি পোর্টালে অভিযোগ জানাতে হবে।
ব্ল্যাকমেলকারীর দাবি মেনে কখনওই টাকা দেওয়া উচিত নয়, কারণ এতে তাদের চাহিদা আরও বাড়তে থাকে। অনলাইনে পরিচিত অপরিচিত ব্যক্তির ডাকে সাড়া দিয়ে একা দেখা করতে যাওয়া একেবারেই নিরাপদ নয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি পারিবারিক খোলামেলা আলোচনা সবচেয়ে বেশি প্রয়োজন। অপরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করা এবং প্রাইভেসি সেটিংস সুরক্ষিত রাখার মাধ্যমে ডিজিটাল জগতে শিশুদের নিরাপদ রাখা সম্ভব। অভিভাবকদের সচেতনতা ও সাহচর্যই এক্ষেত্রে সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করে।