এসআরএফটিআই ক্যাম্পাসে পুলিশের অভিযান, মঞ্চ ভাঙচুর ও হেনস্থার অভিযোগে উত্তাল পরিস্থিতি

এসআরএফটিআই ক্যাম্পাসে পুলিশের অভিযান, মঞ্চ ভাঙচুর ও হেনস্থার অভিযোগে উত্তাল পরিস্থিতি

শনিবার ভোর ৬টা নাগাদ বিশাল পুলিশবাহিনী এসআরএফটিআই ক্যাম্পাসে প্রবেশ করলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, মুখ ঢাকা অবস্থায় পুলিশ সদস্যরা ক্যাম্পাসে ঢুকে ধর্নামঞ্চের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী জোরপূর্বক পিক-আপ ভ্যানে তুলে নিয়ে যায়। আদালতের নির্দেশ ও কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে পুলিশের দাবি।

এই ঘটনার সময় পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ ও মারধরের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। পড়ুয়াদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে থাকা ছাত্রছাত্রীদের টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয় এবং ছাত্রীদের সঙ্গেও হেনস্থা করা হয়েছে। ঘটনার ভিডিও রেকর্ড করার সময় কয়েকজন পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। সকাল সাড়ে ৭টা পর্যন্ত পুরো ক্যাম্পাস পুলিশি ঘেরাটোপে ছিল এবং পড়ুয়াদের হস্টেল থেকে বের হতে বাধা দেওয়া হয়।

বর্তমানে ক্যাম্পাসের বাইরে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি এখনও উত্তপ্ত। গত ২৭ সেপ্টেম্বর থেকে চলা পড়ুয়াদের বিক্ষোভ ও কর্তৃপক্ষের সংঘাতের জেরে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন স্থগিত রাখা হয়েছে। তবে এই পুলিশি অভিযান নিয়ে এসআরএফটিআই কর্তৃপক্ষের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *