এসআইআর ট্রাইব্যুনালের বিচারপতিদের মাসিক সাম্মানিক বাড়াল নির্বাচন কমিশন

এসআইআর ট্রাইব্যুনালে কর্মরত অবসরপ্রাপ্ত বিচারপতিদের মাসিক সাম্মানিক একধাক্কায় অনেকটা বৃদ্ধি করল নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালের কাজে নিযুক্ত বিচারপতিরা দীর্ঘ দিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের অভিযোগ ছিল, কমিশনের নির্ধারিত বেতনে কাজ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে কর প্রদানের পর হাতে থাকা অর্থের পরিমাণ অত্যন্ত কম হওয়ায় এই দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতেই কমিশন নতুন নির্দেশিকা জারি করেছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্যান্য অবসরপ্রাপ্ত বিচারপতিরা মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা সাম্মানিক পাবেন। বর্ধিত এই সাম্মানিক গত ২০ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, বিচারপতিদের বকেয়া সাম্মানিক ও অন্যান্য প্রাপ্য খরচ দ্রুত মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, ট্রাইব্যুনালের কাজের পরিবেশ ও সাম্মানিক নিয়ে অসন্তোষের জেরে এর আগে বেশ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছিলেন। ব্যক্তিগত কারণ বা দূরত্বের দোহাই দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়, বিচারপতি রঞ্জিৎ কুমার বাগ এবং বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতিদের এই গণ-পদত্যাগের আবহে কমিশনের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।