আমেরিকায় রানওয়েতে দুই বিমানের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আমেরিকার বিমানবন্দরে রানওয়েতে ট্যাক্সি করার সময় দুটি আমেরিকান এয়ারলাইন্সের বিমানের ডানায় ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। ডালাসগামী ফ্লাইট ৬৩৮ এবং শিকাগোগামী ফ্লাইট ২১৫২-এর মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পরপরই বিমান দুটিকে তাদের নিজ নিজ গেটে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। রক্ষণাবেক্ষণ দলের পরিদর্শনের জন্য বিমান দুটিকে সাময়িকভাবে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আমেরিকান এয়ারলাইন্স এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনো যাত্রী বা কর্মী আহত হননি। মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটির ফায়ার ও রেসকিউ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই দুর্ঘটনার ফলে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইটের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের যাত্রীদের বিকল্প বিমানে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। থ্যাঙ্কসগিভিং ছুটির মরসুমে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটার একাধিক ঘটনার মধ্যে এটি অন্যতম। এর আগে মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফেডেক্সের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে যাওয়ার ঘটনাও ঘটেছিল।