আসানসোলে পুলিশের গুলিতে জখম প্রতাপ দাস, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের

আসানসোলের হিরাপুর থানা এলাকার ইসমাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হলেন প্রতাপ দাস নামে এক ব্যক্তি। একটি সাইবার প্রতারণা মামলায় অভিযুক্ত প্রতাপকে বুধবার পুলিশ আটক করলেও তিনি গুলি চালিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। শুক্রবার ফের ইসমাইল এলাকা থেকে তাঁকে পাকড়াও করার সময় পুলিশের সঙ্গে ফের গুলির লড়াই হয়। এতে প্রতাপের ডান পায়ে গুলি লাগে এবং তাঁকে আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তাঁকে আদালতে হাজির করানো হবে।
হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রতাপ দাবি করেন, মুসাফির নামে এক ব্যক্তি তাঁকে খুনের সুপারি দিয়েছিলেন। তিনি সেই কাজ করতে রাজি না হওয়ায় তাঁকে ফাঁসানো হয়েছে। তবে মুসাফির কে, সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। প্রতাপের এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। পুলিশের দাবি, প্রতাপের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং গ্রেপ্তারের সময় তিনি পুলিশের ওপর গুলি চালিয়েছিলেন।
অন্যদিকে, প্রতাপের স্ত্রী ও মায়ের দাবি, তিনি আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। প্রতাপের স্ত্রীর অভিযোগ, বৃহস্পতিবার রাতেই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করে আদালতে আত্মসমর্পণ করার কথা জানিয়েছিলেন। কিন্তু পুলিশ তা করতে দেয়নি। পরিবারের দাবি, প্রতাপকে ফাঁসানো হয়েছে এবং পুলিশের কাছে থাকা ভয়েস রেকর্ডিং নিরপেক্ষভাবে তদন্ত করলে আসল সত্য বেরিয়ে আসবে। প্রতাপের মায়ের অভিযোগ, প্রভাবশালীরা তাঁর ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরতে দিচ্ছে না।