এআই প্রযুক্তির লাগামহীন গতি নিয়ে সতর্কবার্তা, ২০৩০ সালের মধ্যে বড় বিপর্যয়ের আশঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষক জুরকোভিচ। তাঁর মতে, এআই-এর ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্রমশ আলগা হচ্ছে, যা আগামী কয়েক বছরের মধ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। অনিয়ন্ত্রিত এআই দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হানা দেওয়া, জৈব অস্ত্র তৈরি বা যন্ত্রের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। ২০২৭ সালের মধ্যেই এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যেতে পারে এবং ২০৩০ সালের শেষ নাগাদ মানবজাতি বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে তাঁর ধারণা।
এই পরিস্থিতির মোকাবিলায় জুরকোভিচ সাধারণ মানুষকে বাড়িতে অন্তত দুই সপ্তাহের খাবার ও জল মজুত রাখার পরামর্শ দিয়েছেন। অনলাইন ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় হাতে নগদ টাকা রাখার কথাও বলেছেন তিনি। তাঁর মতে, আগামী ১০ বছরের মধ্যে বর্তমানের অধিকাংশ চাকরি বিলুপ্ত হয়ে যেতে পারে। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখনো কিছুটা সময় হাতে রয়েছে বলে তিনি মনে করেন। এআই প্রযুক্তির দৌড় কমাতে কঠোর আন্তর্জাতিক নীতি প্রণয়ন এবং নিরাপত্তার মানদণ্ড তৈরির ওপর তিনি জোর দিয়েছেন।
জুরকোভিচের এই সতর্কবার্তার সঙ্গে প্রযুক্তি জগতের আরও অনেক বিশেষজ্ঞ একমত পোষণ করেছেন। ইয়োশুয়া বেঙ্গিও এবং জেফ্রি হিন্টনের মতো এআই বিশেষজ্ঞরা নিয়ন্ত্রণের কৌশল না শিখে অতি-বুদ্ধিমান প্রযুক্তি তৈরির বিরুদ্ধে আগেই সতর্ক করেছেন। এছাড়া ওপেনএআই এবং অ্যানথ্রপিক-এর মতো সংস্থার গবেষকরাও প্রযুক্তির গতি কমানো ও নিরপেক্ষ সুরক্ষা যাচাইয়ের দাবি তুলেছেন। জুরকোভিচ মনে করেন, কম্পিউটার বিজ্ঞানী, অর্থনীতিবিদ ও দার্শনিকদের এআই সুরক্ষার কাজে সম্মিলিতভাবে এগিয়ে আসা এখন সময়ের দাবি।