অন্য জাতের মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক, ছেলেকে গাছের গুঁড়ি দিয়ে পিটিয়ে খুন মায়ের

কর্নাটকের তুমাকুরু জেলার জাক্কেনাহাল্লি গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩৫ বছর বয়সী মুথুরাজ নামে এক যুবককে খুনের অভিযোগে তাঁর ৫৫ বছর বয়সী মা শিবাম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মুথুরাজ বেঙ্গালুরুর একটি কারখানায় কাজ করতেন এবং সপ্তাহান্তে গ্রামে ফিরতেন। অন্য জাতের এক মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁরা বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ছেলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মা শিবাম্মা।
পুলিশের তথ্য অনুযায়ী, এই সম্পর্ক নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। হত্যাকাণ্ডের আগের রাতেও তাঁদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। এরপর মুথুরাজ যখন বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন, তখন শিবাম্মা একটি গাছের গুঁড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
ঘটনার পর শিবাম্মা পুলিশ ও পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তিনি দাবি করেন যে, অজ্ঞাতপরিচয় কেউ তাঁর ছেলেকে খুন করেছে। এমনকি তিনি কান্নাকাটি করে হামলাকারীদের দোষারোপও করেন। তবে সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় যে, এই খুনের পেছনে মায়ের হাত রয়েছে। শেষ পর্যন্ত জেরার মুখে অপরাধ স্বীকার করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।