ভদোদরায় বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক, ধৃত জইশ জঙ্গি

গুজরাটের ভদোদরায় বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক বানচাল করল গুজরাট এটিএস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কবিরুদ্দিন নামে অসমের এক বাসিন্দাকে গ্রেফতার করেছেন আধিকারিকরা। ধৃতের কাছ থেকে একে-৪৭ সদৃশ একটি স্বয়ংক্রিয় রাইফেল, ২৩টি কার্তুজ, দুটি খালি ম্যাগাজিন এবং জইশ-ই-মহম্মদের পতাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একাধিক মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, ভদোদরায় পৌঁছানোর আগে ধৃত ব্যক্তি নিজের মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলেন এবং শহরে এসে একটি হোটেলে আশ্রয় নিয়েছিলেন। এটিএস-এর দাবি, মুফতি রফিক ওরফে ইবন আবদুল্লা নামে জইশ-ই-মহম্মদের এক সদস্য কবিরুদ্দিনকে এই হামলার জন্য পরিচালনা করছিলেন। এই অভিযানের জন্য তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল, যা দিয়ে তিনি নতুন মোবাইল কেনা ও যাতায়াতের খরচ মেটাতেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভদোদরায় হামলার পর ধৃতের পাকিস্তানে পালিয়ে গিয়ে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। ধৃতের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।