চন্দননগর কলেজে শুরু জেলা স্তরের ডাকটিকিট প্রদর্শনী, চিঠি লেখার অভ্যাস ফেরাতে উদ্যোগ ডাক বিভাগের

চন্দননগর কলেজে শুরু জেলা স্তরের ডাকটিকিট প্রদর্শনী, চিঠি লেখার অভ্যাস ফেরাতে উদ্যোগ ডাক বিভাগের

দক্ষিণ হুগলি ডাক বিভাগের উদ্যোগে এবং চন্দননগর কলেজের সহযোগিতায় শুরু হয়েছে জেলা স্তরের ডাকটিকিট প্রদর্শনী ‘চন্দনফাইলেক্স-২০২৬’। দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে ডাকটিকিট সংগ্রহের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরা হয়েছে। আয়োজকদের মতে, প্রতিটি ডাকটিকিট ইতিহাস, ভূগোল ও সংস্কৃতির এক একটি ক্ষুদ্র দলিল। অভিজ্ঞ সংগ্রাহক থেকে সাধারণ দর্শনার্থী—সবার জন্যই এই প্রদর্শনী উন্মুক্ত রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোস্ট মাস্টার জেনারেল (দক্ষিণবঙ্গ) ঋজু গাঙ্গুলী, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ঋজু গাঙ্গুলী জানান, ডাকটিকিটের মাধ্যমে রাষ্ট্রের দর্শন ও সময় ফুটে ওঠে। চন্দননগর কলেজ কর্তৃপক্ষ চাইলে সেখানে স্থায়ী ডাকটিকিট প্রদর্শনীর ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। প্রদর্শনীর পাশাপাশি চিঠি লেখা, স্ট্যাম্প ডিজাইন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

চিঠি লেখার অভ্যাস ফিরিয়ে আনতে আইআইটি খড়গপুরের সঙ্গে ডাক বিভাগ আলোচনা চালাচ্ছে। ডিজিটাল মাধ্যমে চিঠি লিখে দ্রুত তা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি, বর্তমানে ধুঁকতে থাকা পোস্ট অফিসগুলিকে সচল করতে সেগুলিকে কাছাকাছি শাখার সঙ্গে সংযুক্ত করার চিন্তাভাবনা করছে ডাক বিভাগ। ফ্র্যাঞ্চাইজি মডেলে আশানুরূপ সাড়া না মেলায় এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *