উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ: পাশের হারে শীর্ষে নদিয়া, পিছিয়ে কলকাতা

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে এই পর্বে কোনো মেধাতালিকা প্রকাশ করা হয়নি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিত মণ্ডল জানিয়েছেন, পরবর্তী সেমিস্টারের ফলাফল প্রকাশের সময় রাজ্যব্যাপী মেধাতালিকা প্রকাশ করা হবে। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি বলে জানা গিয়েছে।
ফলাফল অনুযায়ী, পাশের হারের নিরিখে জেলাগুলোর মধ্যে জয়জয়কার দেখা গিয়েছে। তালিকায় ৯৫.৫৮ শতাংশ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে নদিয়া। দ্বিতীয় স্থানে ৯৫.০৯ শতাংশ পাশের হার নিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং ৯৫.০৮ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ ২৪ পরগণা ও হুগলি জেলা।
তালিকায় কিছুটা পিছিয়ে রয়েছে কলকাতা। ৯৩.৪৫ শতাংশ পাশের হার নিয়ে কলকাতা অষ্টম স্থানে অবস্থান করছে। এছাড়া উত্তর ২৪ পরগণা ষষ্ঠ, পশ্চিম মেদিনীপুর সপ্তম, পূর্ব বর্ধমান নবম এবং দক্ষিণ দিনাজপুর দশম স্থানে রয়েছে। তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে কালিম্পং ও ঝাড়গ্রাম। সামগ্রিকভাবে জেলাভিত্তিক এই ফলাফলে গ্রামীণ ও মফস্বল এলাকার শিক্ষার্থীদের ভালো পারফরম্যান্স লক্ষ্য করা গেছে।