নিজের পুরনো স্কুলে ফিরে পড়ুয়াদের ক্লাস নিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

দীর্ঘ ৩০ বছর বর্ধমান শহরের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষকতা করেছেন ক্ষুদিরাম টুডু। বৃহস্পতিবার বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবিধান দিবস পালনের অনুষ্ঠানে যোগ দিতে শহরে এসেছিলেন তিনি। প্রশাসনিক ব্যস্ততার মাঝেই কিছুটা সময় বের করে তিনি পৌঁছে যান নিজের কর্মজীবনের সেই পুরনো বিদ্যালয়ে।
স্কুলে পৌঁছেই তিনি সরাসরি শ্রেণিকক্ষে চলে যান এবং পড়ুয়াদের ক্লাস নেন। দীর্ঘদিনের শিক্ষকতার অভ্যাসবশত তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে নানা বিষয়ে গল্প, আলোচনা ও মতবিনিময় করেন। মন্ত্রী হওয়ার পর তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার কথাও তিনি পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন।
প্রিয় শিক্ষককে আবারও চেনা ভূমিকায় সামনে পেয়ে বিদ্যালয়ের পড়ুয়ারা অত্যন্ত উচ্ছ্বসিত ও খুশি। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্রছাত্রীদের মাঝে ফিরে এসে মন্ত্রী নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন। শিক্ষকতা জীবনের স্মৃতিচারণের পাশাপাশি পড়ুয়াদের পড়াশোনা ও ভবিষ্যতের বিষয়েও তিনি উৎসাহ দেন।