পুরুলিয়ায় ৩৬০৯ হেক্টর জুড়ে তৈরি হচ্ছে নতুন অভয়ারণ্য, সুরক্ষিত হবে বন্যপ্রাণীরা

পুরুলিয়া জেলায় নতুন একটি অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বন দফতর। কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু বিট এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটের সেওয়াতি পাহাড় মিলিয়ে মোট ৩৬০৯.৪০ হেক্টর এলাকা জুড়ে এই অভয়ারণ্যটি বিস্তৃত হবে। ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এই বনাঞ্চলটি শাল, পিয়াল, মহুয়া ও অর্জুন গাছে ঘেরা। জনবসতিহীন এই গভীর জঙ্গল বন্যপ্রাণীদের বসবাসের জন্য অত্যন্ত উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রস্তাবিত এই অভয়ারণ্যে হাতি, চিতাবাঘ, ভল্লুক, হায়েনা, নেকড়ে, শিয়াল ও বনশুয়োরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও পাখির দেখা মেলে। বন দফতরের ক্যামেরা ট্র্যাপে ইতিমধ্যেই চিতাবাঘ ও ভল্লুকের উপস্থিতি ধরা পড়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ১৬টি অভয়ারণ্য রয়েছে, এটি চালু হলে তা রাজ্যের ১৭তম এবং পুরুলিয়ার দ্বিতীয় অভয়ারণ্য হিসেবে গণ্য হবে।
এই অভয়ারণ্য গড়ে উঠলে হাতি ও মানুষের সংঘাত কমবে এবং বন্যপ্রাণীদের জন্য সুরক্ষিত করিডর ও জলের উৎস তৈরি হবে। পাশাপাশি চোরাশিকার রোধে নজরদারি বাড়ানো হবে। বন দফতরের মতে, এই প্রকল্পের ফলে জঙ্গলমহলে ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটনের প্রসার ঘটবে, যা স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আগামী কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করে এই অভয়ারণ্যের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।