প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার

প্রেসিডেন্সি সংশোধনাগারের ভেতর থেকে মহম্মদ আলি (৪৪) নামে এক বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাঁকড়া-বাঁশতলা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই সংশোধনাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার সংশোধনাগারে নিয়মমাফিক বন্দিদের গণনা করার সময় তাঁর খোঁজ না মেলায় তল্লাশি শুরু হয়। পরে ৪৪ নম্বর ওয়ার্ডের পাশের একটি সরু গলি থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত বন্দির মাথার পিছনে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। কারা দফতর সূত্রে খবর, মহম্মদ আলির বিরুদ্ধে এন্টালি ও শিয়ালদহ জিআরপিতে মাদক পাচারসহ একাধিক মামলা বিচারাধীন ছিল। এই ঘটনার পর থেকেই সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনার তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। অন্য কোনো বন্দির সঙ্গে সংঘর্ষের জেরে এই মৃত্যু কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশোধনাগার কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পরীক্ষা করছে। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিশ্চিত করতে তদন্তকারীরা সংশোধনাগারের অন্যান্য বন্দিদেরও জিজ্ঞাসাবাদ করছেন।