স্ত্রী আলাদা থাকলেই বিবাহবিচ্ছেদ নয়, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাইকোর্টের

স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে আলাদা থাকলেই তা বিবাহবিচ্ছেদের জন্য যথেষ্ট নয় বলে স্পষ্ট জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ২০০৯ সালে বিবাহিত এক দম্পতির ক্ষেত্রে আদালত জানিয়েছে, দাম্পত্য সম্পর্ক পরিত্যাগের অভিযোগ প্রমাণ করতে হলে উপযুক্ত কারণ ও আইনি শর্ত পূরণ হওয়া জরুরি। ছেলের মৃত্যুর পর শোকাতুর স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছিলেন, কিন্তু তাঁকে ফিরিয়ে আনার জন্য স্বামী কী কী উদ্যোগ নিয়েছিলেন, তার সপক্ষে কোনো নথি তিনি আদালতে পেশ করতে পারেননি।
বিচারপতি আনন্দ পাঠক ও বিচারপতি রামকুমার চৌবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দাম্পত্য জীবনের ছোটখাটো মতবিরোধ বা ঝগড়াকে নিষ্ঠুর আচরণ হিসেবে গণ্য করা যায় না। সুপ্রিম কোর্টের নজির টেনে আদালত বলেছে, বিবাহবিচ্ছেদের মতো সিদ্ধান্তের জন্য নিষ্ঠুরতার অভিযোগ সুনির্দিষ্ট ও প্রমাণিত হওয়া প্রয়োজন। এছাড়া, স্ত্রী আদালতে উপস্থিত না থাকলেও অভিযোগকারীকে নিজের দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ দিতেই হয়। অনুপস্থিতি মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়।
আদালত আরও লক্ষ্য করেছে, স্বামী একই সঙ্গে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের নির্দেশ চেয়েছেন এবং তার পরপরই বিবাহবিচ্ছেদের মামলা করেছেন, যা পরস্পরবিরোধী। হিন্দু বিবাহ আইনের ১৩(১এ)(ii) ধারা অনুযায়ী, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের নির্দেশ পাওয়ার পর এক বছর অতিক্রান্ত না হলে বিবাহবিচ্ছেদের আবেদন করা যায় না। এই মামলায় সেই সময়সীমা পূর্ণ হওয়ার আগেই আবেদন করায় তা খারিজ করে দিয়েছে আদালত। তবে ভবিষ্যতে আইনি শর্ত পূরণ হলে স্বামী নতুন করে প্রতিকার চাইতে পারেন বলে জানিয়েছে হাইকোর্ট।