তারা সুতারিয়ার জন্মদিনের পোস্টে বীর পাহাড়িয়ার মন্তব্য, ফের কাছাকাছি আসার জল্পনা

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়ার জন্মদিন ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। গত ১৯ নভেম্বর ছিল তারার জন্মদিন। সেই বিশেষ দিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ওরি। সেই ভিডিওর কমেন্ট বক্সে বীর পাহাড়িয়ার উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। বীর সেখানে কেক এবং সাদা হার্টের ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। ওরি নিজে সেই মন্তব্যটি পিন করে রাখায় বিষয়টি আরও বেশি করে চর্চায় উঠে এসেছে।
বীর পাহাড়িয়ার এই মন্তব্য দেখার পর থেকেই অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন দানা বেঁধেছে। অনেকেই মনে করছেন, অতীতের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে তারা এবং বীর হয়তো ফের কাছাকাছি এসেছেন। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যের নিচে অনেকেই তাঁদের সম্পর্কের শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, বীরের সঙ্গে তারাকেই সবচেয়ে বেশি মানায়। তবে এই বিষয়ে তারকাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের গোড়ার দিকে তারা এবং বীরের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সেই বছরের জুলাই মাসে তাঁরা নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছিলেন। তবে চলতি বছরের শুরুতেই তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল। এপি ধিলোঁর কনসার্টের পর থেকেই তাঁদের আলাদা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। দীর্ঘ কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় বীরের এই সক্রিয়তা ফের তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।