বাবার হাত থেকে বাঁচাতে মা সাহায্য করেছিলেন পালিয়ে যেতে, জীবনের কঠিন স্মৃতি শেয়ার করলেন রবি কিষণ

জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ রবি কিষণ সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ নিজের জীবনের কঠিন সংগ্রামের কথা তুলে ধরেছেন। অক্ষয় কুমারের সঙ্গে আড্ডায় তিনি জানান, অভিনয়ের প্রতি তাঁর ঝোঁক পরিবারের কাছে একেবারেই গ্রহণযোগ্য ছিল না। তাঁর বাবা পেশায় পুরোহিত ছিলেন এবং দুধের ব্যবসা করতেন। তিনি চেয়েছিলেন রবি কিষণ ব্যবসায় যোগ দিক অথবা সরকারি চাকরি করুক। কিন্তু অভিনয়ের প্রতি টান থাকায় তিনি থিয়েটারে যুক্ত ছিলেন।
অভিনেতা জানান, রামলীলা অনুষ্ঠানে শাড়ি পরে অভিনয় করার পর তাঁর বাবা তাঁকে চামড়ার বেল্ট দিয়ে প্রচণ্ড মারধর করেছিলেন। সেই সময় সিনেমা বা অভিনয়কে সম্মানজনক পেশা হিসেবে দেখা হতো না। বাবার রাগের হাত থেকে তাঁকে বাঁচাতে মা সেই রাতে এগিয়ে আসেন। রবি কিষণের কথায়, বাবা মনে করেছিলেন তিনি পরিবারের সম্মান নষ্ট করছেন এবং তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন।
মা সেই রাতে তাঁর হাতে ৫০০ টাকা গুঁজে দিয়ে মুম্বই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। মায়ের সাহায্যেই তিনি খুব কম বয়সে মুম্বই পৌঁছান। ১৯৯২ সালে ‘পীতাম্বর’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করা রবি কিষণ পরবর্তীতে ভোজপুরি, হিন্দি, তেলুগু, তামিল ও কন্নড় ছবিতে নিজের পরিচিতি গড়ে তোলেন। অভিনয়ের পাশাপাশি ২০১৭ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং ২০১৯ সাল থেকে গোরক্ষপুরের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।