শেষনাগ ট্র্যাক প্রকল্প নিয়ে সরব মেহবুবা মুফতি, বিআরও-র সঙ্গে চুক্তি বাতিলের দাবি

শেষনাগ ট্র্যাক প্রকল্প নিয়ে সরব মেহবুবা মুফতি, বিআরও-র সঙ্গে চুক্তি বাতিলের দাবি

শেষনাগ ট্র্যাক প্রকল্প নিয়ে ওমর আবদুল্লা সরকারের বিরুদ্ধে সরব হলেন পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। শ্রীনগরে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়াই এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মেহবুবার দাবি, ৩,৫০০ মিটারের বেশি উচ্চতায় জেসিবি মেশিন ব্যবহারের ফলে ওই এলাকার ভঙ্গুর পরিবেশ ও হিমবাহ ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হতে পারে। তিনি স্পষ্ট জানান, শেষনাগ কোনো পিকনিক স্পট নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের আস্থার জায়গা।

মেহবুবা মুফতি প্রশ্ন তোলেন, হিমবাহের নিজস্ব প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যেখানে খননকার্য নিষিদ্ধ থাকা উচিত, সেখানে ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি কীভাবে দেওয়া হলো। তিনি বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাতিলের দাবি জানিয়ে বলেন, এই চুক্তির শর্তাবলি জনসমক্ষে আনা প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রীর সফরের পর প্রকল্পকে দেওয়া ‘ক্লিন চিট’ নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন।

পরিস্থিতি খতিয়ে দেখতে পরিবেশ বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি দল গঠন করার জন্য মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কাছে হস্তক্ষেপ চেয়েছেন মেহবুবা। তিনি দাবি করেন, পরিবেশগত উদ্বেগের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত ওই এলাকায় ভারী যন্ত্রপাতি সরিয়ে কাজ বন্ধ রাখতে হবে। লুকোনোর কিছু না থাকলে বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অমরনাথ যাত্রা ও শেষনাগ হ্রদ রক্ষা করা সরকারের দায়িত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *