ঝাড়গ্রামে অবৈধ বালি পাচারের চেষ্টা বানচাল, আটক ৩ ডাম্পার ও গ্রেফতার ৩ চালক

ঝাড়খণ্ডের সরাইকেল্লা থেকে বাংলায় অবৈধভাবে বালি পাচারের একটি বড় ছক বানচাল করল গোপীবল্লভপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ওড়িশা সীমান্তবর্তী হাতিবাড়ি নাকা পয়েন্টে বিশেষ অভিযান চালায় পুলিশ। গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিংয়ের নেতৃত্বে এই নজরদারি চালানো হয়। সেই সময় বালি বোঝাই তিনটি ডাম্পারকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের থামায়।
পুলিশি তল্লাশিতে ডাম্পার চালকদের কাছে বালি পরিবহণের বৈধ চালান বা প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ তিনটি ডাম্পারই আটক করে এবং তিন চালককে গ্রেফতার করে। ধৃতদের নাম শ্যামসুল হক, গানোয়ারি সিং এবং সুভাষ মাইতি। তাদের বাড়ি যথাক্রমে উত্তর দিনাজপুর, বিহার এবং পূর্ব মেদিনীপুর জেলায় বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঝাড়খণ্ড থেকে এই বালি বাংলায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই বালি কোথা থেকে তোলা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়া এই অবৈধ বালি পাচারের চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সে বিষয়েও ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ।