সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচ শুরুর সময় নিয়ে বিসিসিআই-এর কাছে আর্জি ইরফান পাঠানের

সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচ শুরুর সময় নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। টুর্নামেন্টের ম্যাচগুলো সকাল ৯টায় শুরু হওয়া নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই-এর কাছে সূচি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন প্রাক্তন এই অলরাউন্ডার।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ইরফান পাঠান লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএলের মতো বড় আসরে সাধারণত এত সকালে টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয় না। তাঁর মতে, সকালের আর্দ্রতা, পিচের চরিত্র এবং পরিবেশ সাধারণ টি-টোয়েন্টি পরিস্থিতির থেকে অনেকটাই আলাদা। এই ভিন্ন পরিবেশ ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করছেন।
চলতি মরশুমে টুর্নামেন্টে মোট ১৪১টি ম্যাচ থাকায় সূচিকে বিভিন্ন সময়ে ভাগ করা হয়েছে। অনেক ক্ষেত্রে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ম্যাচ শুরু হচ্ছে। বিপুল সংখ্যক দল ও ক্রিকেটারকে সামলানোর জন্য বিসিসিআই-এর দক্ষতার প্রশংসা করলেও, এই সূচি পরিবর্তনের বিষয়ে আশাবাদী ইরফান। বিশ্বের সেরা ক্রিকেট বোর্ড হিসেবে বিসিসিআই বিষয়টি বিবেচনা করে ভবিষ্যতে সমাধান করবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন।