সমাবর্তনে পোশাক বিধি নিয়ে ভিন্ন পথে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়

সমাবর্তন অনুষ্ঠানে গাউন বা রোবের পরিবর্তে দেশীয় পোশাক ব্যবহারের সরকারি নির্দেশিকা নিয়ে রাজ্যের দুই প্রধান বিশ্ববিদ্যালয়ে ভিন্ন চিত্র দেখা গেল। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, ঔপনিবেশিক প্রথা ভেঙে ভারতীয় সংস্কৃতির প্রসারে উত্তরীয় বা দেশীয় পোশাক চালুর কথা বলা হয়েছে। এই প্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় আসন্ন সমাবর্তনে পড়ুয়াদের জন্য নতুন পোশাক বিধি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৪ জানুয়ারি আয়োজিত সমাবর্তনে ছাত্ররা সাদা পাঞ্জাবি-পাজামা বা ধুতি এবং ছাত্রীরা লাল পাড় সাদা শাড়ি পরে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের এমব্লেম যুক্ত উত্তরীয়ও পড়ুয়াদের দেওয়া হবে। তবে আচার্য, উপাচার্য ও অধ্যাপকদের রোব পরার বিষয়টি নিয়ে আচার্যের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য আশুতোষ ঘোষ।
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ভিন্ন অবস্থান নিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিনদের বৈঠকে রোব বর্জন না করার পক্ষে তিনটি যুক্তি উঠে এসেছে। প্রথমত, যাদবপুরের রোবের গেরুয়া রং ঔপনিবেশিক বিরোধী চেতনার প্রতীক। দ্বিতীয়ত, বিধিবদ্ধ নিয়ম পরিবর্তন করা জটিল এবং তৃতীয়ত, রোব বর্জন করলে ছাত্র আন্দোলনের আশঙ্কা রয়েছে। এই যুক্তিগুলো জানিয়ে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই রোব পরার রেওয়াজ নেই। আবার কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সরকারি নির্দেশিকা না পাওয়ায় তারা পুরোনো রীতি মেনেই সমাবর্তন আয়োজন করবে।