স্বামীর থেকে বেশি আয় করেও বেকার দাবি, স্ত্রীকে খোরপোশ না দেওয়ার নির্দেশ হাই কোর্টের

স্বামীকে বেকার দাবি করে খোরপোশ আদায়ের চেষ্টার অভিযোগে এক স্ত্রীকে বড়সড় ধাক্কা দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই স্ত্রীকে আর এক টাকাও খোরপোশ দিতে হবে না। উল্টে আদালতকে বিভ্রান্ত করার দায়ে ওই মহিলাকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালে আলিপুর আদালতে স্বামীর কাছে মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশ দাবি করেছিলেন ওই তরুণী। তিনি নিজেকে বেকার এবং আর্থিক ভাবে স্বামীর উপর নির্ভরশীল বলে দাবি করেন। সেই আবেদনের ভিত্তিতে আলিপুর আদালত স্বামীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী।
হাই কোর্টে স্বামীর আইনজীবী জানান, স্ত্রী নিজে বেঙ্গালুরুর একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অগস্ট মাসে তাঁর মাসিক বেতন ছিল প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৫৯৪ টাকা, যেখানে স্বামীর আয় ছিল ১ লক্ষ ১৫ হাজার টাকা। বি-টেক ও এমসিএ ডিগ্রিধারী ওই তরুণী ইচ্ছাকৃত ভাবে নিজের প্রকৃত আয় গোপন করেছেন বলে পর্যবেক্ষণ আদালতের।
বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস তাঁর রায়ে জানান, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি নিজের আয় সম্পর্কে অবগত নন, তা বিশ্বাসযোগ্য নয়। আইনজীবীর সঙ্গে ভুল বোঝাবুঝির যুক্তিও খারিজ করে দিয়েছে আদালত। আলিপুর আদালতের আগের নির্দেশ খারিজ করে হাই কোর্ট স্পষ্ট করেছে, স্বামীর থেকে বেশি উপার্জনকারী স্ত্রীকে খোরপোশ দেওয়ার কোনো প্রয়োজন নেই।