স্কুলে ভর্তির আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল পান্ডুয়ার খুদে রাজস্বিনী

স্কুলে যাওয়ার আগেই অসাধারণ মেধার পরিচয় দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল হুগলির পান্ডুয়ার তিন বছর বয়সী রাজস্বিনী চক্রবর্তী। মাত্র ২ বছর ১১ মাস বয়সে তার এই কৃতিত্বে গর্বিত পরিবার। পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাবা রাহুল চক্রবর্তী ও পঞ্চায়েত কর্মী মা সায়নী চক্রবর্তীর সন্তান রাজস্বিনী ছোট থেকেই বই, খাতা ও পেনসিলের প্রতি বিশেষ আগ্রহী ছিল। মেয়ের এই অসামান্য স্মৃতিশক্তির নেপথ্যে রয়েছে তার নতুন কিছু শেখার প্রবল আগ্রহ ও মায়ের নিয়মিত উৎসাহ।
গত ৩০ সেপ্টেম্বর আবেদনের পর প্রয়োজনীয় নথি ও ভিডিয়ো যাচাই করে রাজস্বিনীকে এই স্বীকৃতি দেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। গত ২ নভেম্বর সে মেডেল ও সার্টিফিকেট হাতে পায়। সংস্থার তথ্য অনুযায়ী, রাজস্বিনী শরীরের ৪২টি অঙ্গপ্রত্যঙ্গ, ৩০টি পাখি, ৩২টি প্রাণী, ১৬টি পোকামাকড়, ১০টি ফল ও ১২টি সবজি অনায়াসেই শনাক্ত করতে পারে। এছাড়া সে বিভিন্ন ঋতু, সপ্তাহের দিন, মাসের নাম এবং জাতীয় প্রতীকগুলোও মনে রাখতে সক্ষম।
বাংলা ও ইংরেজি মিলিয়ে ১ থেকে ২৪ পর্যন্ত সংখ্যা গণনা এবং এলোমেলো সংখ্যা মেলানোর মতো কাজেও সে পারদর্শী। শান্ত স্বভাবের এই খুদে শিক্ষার্থী নিজের হাতে ইংরেজি অক্ষর লেখারও চেষ্টা করে। মা সায়নী দেবী জানান, ছোটবেলা থেকেই মেয়ের শেখার আগ্রহ ছিল তুঙ্গে। কোনো কিছু জোর করে চাপিয়ে না দিয়ে খেলার ছলে শেখানোর মাধ্যমেই রাজস্বিনীর এই মেধা বিকশিত হয়েছে। পান্ডুয়ার উত্তরায়ণের বাসিন্দা এই খুদে বিস্ময়ের সাফল্যে এলাকায় খুশির হাওয়া বইছে।