তিন বছর পর বড় পর্দায় শাহরুখ খান, প্রকাশ্যে ‘কিং’ ছবির ট্রেলার ও কলাকুশলীদের তথ্য

দীর্ঘ তিন বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’ ছবির পর থেকে অভিনেতাকে নতুন কোনো ছবিতে দেখা যায়নি। বর্তমানে শাহরুখ অভিনীত ‘কিং’ ছবির ট্রেলার চূড়ান্ত সম্পাদনার কাজ চলছে। জানা গেছে, ট্রেলারটির দৈর্ঘ্য তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা। ছবির বিভিন্ন উপাদান ও অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের সামনে কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।
এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুহানা খান। এই ছবির মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক হতে চলেছে সুহানার। এছাড়া খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। ছবিতে আরও রয়েছেন দীপিকা পাডুকোন, অনিল কাপুর, কারিনা কাপুর, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মা, সৌরভ শুক্লা এবং রানি মুখার্জির মতো একঝাঁক তারকা। প্রতিটি ফ্রেম অত্যন্ত যত্ন সহকারে চিত্রায়িত করা হয়েছে বলে জানা গেছে।
অ্যাকশন ঘরানার এই ছবিতে বাণিজ্যিক গান এবং বড় বাজেটের উপস্থাপনা থাকবে। ট্রেলারটি দর্শকদের পূর্ণাঙ্গ বিনোদনের খোরাক জোগাবে বলেই আশা করা হচ্ছে। শাহরুখ খানের দীর্ঘ বিরতির পর এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ছবির ট্রেলার ও মুক্তির তারিখ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শক।