উদ্যোক্তা হওয়ার পথে ঝুঁকছে দেশের তরুণ প্রজন্ম, লিঙ্কডইনের রিপোর্টে বড় তথ্য

চাকরির ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হওয়ার প্রবণতা বাড়ছে ভারতীয় তরুণ প্রজন্মের মধ্যে। লিঙ্কডইনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, জেন জি প্রজন্মের ৯৪ শতাংশ এবং মিলেনিয়ালদের ৯০ শতাংশ নিজেদের ব্যবসা শুরু করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে জেন জি উত্তরদাতাদের প্রায় ৭০ শতাংশ আগামী তিন বছরের মধ্যেই নিজস্ব ব্যবসা কিংবা আয়ের বিকল্প পথ বা সাইড হাসল শুরু করার পরিকল্পনা করছেন।
লিঙ্কডইনের প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ব্যবহারকারীদের প্রোফাইলে ‘ফাউন্ডার’ বা প্রতিষ্ঠাতা পদবি যুক্ত করার হার ১৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জেন জি প্রজন্মের ক্ষেত্রে এই বৃদ্ধির হার প্রায় ৩৮৩ শতাংশ। যদিও সামগ্রিকভাবে প্ল্যাটফর্মে থাকা প্রতিষ্ঠাতাদের মধ্যে মিলেনিয়ালদের সংখ্যাই বেশি, যা মোট প্রতিষ্ঠাতার ৪৮ শতাংশ।
নতুন উদ্যোগ শুরুর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যম বড় ভূমিকা পালন করছে। সমীক্ষায় অংশ নেওয়া ৮৬ শতাংশ ভারতীয় মনে করেন, পাঁচ বছর আগের তুলনায় বর্তমানে ব্যবসা শুরু করা অনেক বেশি সহজ। এছাড়া ৭৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সোশ্যাল মিডিয়া নতুন উদ্যোক্তাদের সামনে কাজের সুযোগ আরও প্রসারিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।