ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র পুনর্গঠনে সাহায্য করছে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের প্রায় ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এই ক্ষয়ক্ষতির ফলে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি ও মোতায়েনের ক্ষেত্রে তেহরান বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে। নিজেদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে নতুন উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে ইরান।
প্রতিবেদন অনুযায়ী, উৎক্ষেপণ মঞ্চ নির্মাণের প্রয়োজনীয় উপকরণের ঘাটতি এবং সংঘাতে বহু বিজ্ঞানীর মৃত্যুর কারণে ইরান বাইরের সহায়তার দিকে ঝুঁকেছে। এই পরিস্থিতিতে তেহরানের অনুরোধে সাড়া দিয়ে উত্তর কোরিয়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পিয়ংইয়ংয়ের বিশেষজ্ঞরা বর্তমানে দূর থেকেই ইরানকে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।
গোয়েন্দা তথ্যে আরও দাবি করা হয়েছে যে, উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা ইরানের উৎক্ষেপণ কেন্দ্র তৈরির কাজে সরাসরি যুক্ত রয়েছেন। ভবিষ্যতে পিয়ংইয়ংয়ের বিশেষজ্ঞদের তেহরানে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বর্তমানে উত্তর কোরিয়া সরাসরি কোনো যুদ্ধে লিপ্ত নেই বলে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে।