দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল দু’টি লাল পান্ডা

দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল দু’টি লাল পান্ডা

শীতের মরসুমে দার্জিলিং চিড়িয়াখানায় এল খুশির খবর। চিড়িয়াখানায় নতুন করে দু’টি লাল পান্ডার শাবকের জন্ম হয়েছে। এই নতুন অতিথিদের আগমনে বর্তমানে সেখানে লাল পান্ডার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২১-এ। এর মধ্যে সাতটি পুরুষ, ১২টি স্ত্রী এবং সদ্যোজাত দু’টি শাবক রয়েছে। তবে শাবক দু’টির লিঙ্গ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে পিকু নামের এক লাল পান্ডা শাবক দু’টির জন্ম দেয়। জন্মের পর থেকেই মা ও নবজাতকদের স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখা হয়েছিল। কারণ লাল পান্ডার শাবকদের বেঁচে থাকার জন্য প্রথম দুই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তাদের স্বাস্থ্যের সন্তোষজনক উন্নতির পরিপ্রেক্ষিতেই এই সুখবরটি প্রকাশ্যে আনা হয়েছে। উপযুক্ত সময় হলে শাবক দু’টিকে জনসাধারণের সামনে আনা হবে।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত দার্জিলিং চিড়িয়াখানা রেড পান্ডা সংরক্ষণ ও কৃত্রিম প্রজনন কর্মসূচির জন্য আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার রেড পান্ডাকে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। ২০২২ সালে সেন্ট্রাল জু অথরিটি দার্জিলিং চিড়িয়াখানাকে দেশের সেরা চিড়িয়াখানার স্বীকৃতিও দিয়েছে। এখানে স্নো লেপার্ড, তিব্বতি নেকড়ে ও হিমালয় স্যালমান্ডারের মতো বিপন্ন প্রজাতির প্রাণীদের সংরক্ষণ ও প্রজনন কর্মসূচিও সফলভাবে পরিচালিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *