বিষ্ণুপুরে তৃণমূল কাউন্সিলরকে মারধর ও নগ্ন করে ঘোরানোর অভিযোগ, রিপোর্ট তলব হাইকোর্টের

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কাউন্সিলর জ্ঞানানন্দ সামন্তকে মারধর ও বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ উঠেছে। গত ২৫ অগস্ট এই ঘটনা ঘটে। অভিযোগ, পুলিশকর্মীদের উপস্থিতিতেই দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে নগ্ন করে এলাকায় ঘোরানো হয়। হামলায় গুরুতর জখম ওই তৃণমূল নেতাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে এসএসকেএম ও বিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জ্ঞানানন্দ সামন্ত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে অভিযোগটিকে অত্যন্ত ‘গুরুতর’ বলে উল্লেখ করা হয়েছে। আদালত সংশ্লিষ্ট থানার ইনস্পেক্টর-ইন-চার্জের (আইসি) কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা রিপোর্টে স্পষ্ট করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
তৃণমূল নেতার স্ত্রী লিপিকা সামন্ত বিষ্ণুপুর থানায় ইমেলের মাধ্যমে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি, তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য আদালতের কাছে আর্জি জানান। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাকারী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। এর আগে রাজ্যে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাইকোর্ট পুলিশকে সতর্ক করেছিল, তবে এই ঘটনাকে আদালত বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে।