মিষ্টি খাওয়ার পর জল পান করা কি ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

মিষ্টি খাওয়ার পর জল পান করা কি ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর জল পান করা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে। কেউ মনে করেন এতে হজমের সমস্যা হয়, আবার কারও ধারণা এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তবে চিকিৎসকদের মতে, মিষ্টি খাওয়ার পর পরিমিত পরিমাণে জল পান করা সম্পূর্ণ নিরাপদ। এর জন্য আলাদা করে কোনো সময় অপেক্ষা করার প্রয়োজন নেই। বরং জল পান করলে মুখের ভেতর লেগে থাকা মিষ্টির অবশিষ্টাংশ পরিষ্কার হতে সাহায্য করে।

মিষ্টি খাওয়ার পর জল পান করলে সরাসরি রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় না। রক্তে গ্লুকোজের মাত্রা মূলত নির্ভর করে আপনি কতটা মিষ্টি খাচ্ছেন তার ওপর। খালি পেটে মিষ্টি খাওয়া বা সারাদিন বারবার চিনিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস শরীরে সুগারের ভারসাম্য নষ্ট করতে পারে। এছাড়া মিষ্টি খাওয়ার পর জল পান করলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। পাকস্থলীর অ্যাসিড ও উৎসেচক স্বাভাবিকভাবেই খাবার হজম করতে সাহায্য করে, যা জল পানে বাধাগ্রস্ত হয় না।

দাঁতের স্বাস্থ্যের ক্ষেত্রেও জল পান করা উপকারী হতে পারে। মিষ্টি খাওয়ার পর মুখে থাকা ব্যাকটেরিয়া চিনি থেকে অ্যাসিড তৈরি করে, যা দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। জল পান করলে মুখের ভেতর আটকে থাকা চিনির কণা পরিষ্কার হয় এবং অ্যাসিডের মাত্রা কমতে সাহায্য করে। তবে শুধু জল পান করলেই দাঁতের সুরক্ষা নিশ্চিত হয় না, নিয়মিত দাঁত পরিষ্কার রাখাও জরুরি। সুস্থ থাকতে অতিরিক্ত মিষ্টি ও প্যাকেটজাত চিনিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস কমিয়ে সুষম খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত জল পানের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *