সুরাটে পরিবারের ছয় সদস্যকে খালে ফেলে দেওয়ার অভিযোগ, মৃত ৩, নিখোঁজ ২

সুরাটের বারদোলি এলাকায় এক ভয়াবহ ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। গত ২১ নভেম্বর পরিবারের ছয় সদস্যকে অপহরণ করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং এখনও দুজন নিখোঁজ রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরাটে যাওয়ার পথে উভা গ্রামের কাছে চার দুষ্কৃতী ওই পরিবারের পথ আটকায়। অভিযোগ, দুষ্কৃতীরা ওই পরিবারের পূর্বপরিচিত ছিল।
অভিযুক্তরা পরিবারের সদস্যদের দুটি আলাদা গাড়িতে তুলে নিয়ে গিয়ে খালে ফেলে দেয়। ঘটনার পর পরিবারের ১৩ বছরের এক কিশোর কোনোমতে সাঁতরে পাড়ে উঠে প্রাণে বাঁচে। সে স্থানীয়দের সহায়তায় পুলিশকে পুরো বিষয়টি জানায় এবং বাড়িতে নিজের বড় দিদিকেও খবর দেয়। এই কিশোরের বয়ানের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মহুয়া এলাকার উকাই-কাকরাপার খাল থেকে নীতিন পাটিল, তাঁর স্ত্রী কবিতা পাটিল এবং তাঁদের নয় বছরের মেয়ের দেহ উদ্ধার করা হয়েছে। সুরাট গ্রামীণ জেলার পুলিশ সুপার রাজেশ গাধিয়া জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে। বর্তমানে নিখোঁজ ১৬ বছরের কিশোর ও দুই বছরের শিশুটির সন্ধানে খাল এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী।