শাওমির নতুন স্মার্ট ডোর লক: ফেস রেকগনিশন ও পাম ভেইন প্রযুক্তিতে খুলবে দরজা

প্রযুক্তি বাজারে নতুন স্মার্ট ডোর লক নিয়ে এল শাওমি। এই লকে ডুয়াল-লেন্স থ্রিডি ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ অন্ধকারেও এক সেকেন্ডের মধ্যে ব্যবহারকারীর মুখ শনাক্ত করতে সক্ষম। নিরাপত্তার খাতিরে এতে থ্রিডি লাইভনেস ডিটেকশন ব্যবস্থা রয়েছে, যা ছবি বা ভিডিওর মাধ্যমে জালিয়াতির চেষ্টা রুখে দেয়। এছাড়া ১২ থেকে ২০ সেন্টিমিটার দূর থেকে হাতের তালুর শিরা স্ক্যান করে দরজা খোলার সুবিধাও এতে যুক্ত করা হয়েছে, যা শিশু, বয়স্ক বা ভেজা হাতে ব্যবহারের উপযোগী।
লকটিতে ৩ মেগাপিক্সেল সেন্সরসহ টু-কে পিপহোল ক্যামেরা এবং ১৬০ ডিগ্রি ফিল্ড অব ভিউ রয়েছে। ২৪ গিগাহার্টজ মিলিমিটার-ওয়েভ রাডার ও এআই হিউম্যান ডিটেকশন প্রযুক্তির মাধ্যমে দরজার সামনে কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে ভিডিও রেকর্ড করে ফোনে সতর্কবার্তা পাঠায়। দরজার ভেতরের দিকে ৩.৯৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়া স্মার্টফোন, শাওমি টিভি বা স্মার্ট হোম ডিসপ্লের মাধ্যমেও বাইরের দৃশ্য দেখার সুযোগ থাকছে।
মোট ১৩টি আনলক পদ্ধতির মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, ব্লুটুথ, এনএফসি, রিমোট অ্যাক্সেস এবং মেকানিক্যাল চাবি। ৫,০০০ এমএএইচ লিথিয়াম প্যাক ও চারটি এএ ব্যাটারিতে এটি প্রায় ১০ মাস পর্যন্ত সচল থাকে। জরুরি পরিস্থিতির জন্য এতে ইউএসবি-সি পোর্টও দেওয়া হয়েছে। বর্তমানে চীনের বাজারে প্রি-সেল পর্যায়ে লকটির দাম ১,৭৯৯ ইউয়ান থেকে ২,১১৬ ইউয়ানের মধ্যে রাখা হয়েছে। তবে অন্যান্য দেশে এটি কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেয়নি শাওমি।