রাহুল গান্ধীর আয়ের উৎস সংক্রান্ত মামলা ফের এলাহাবাদ হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট

রাহুল গান্ধীর আয়ের উৎস ও সম্পত্তি সংক্রান্ত একটি মামলা পুনরায় বিবেচনার জন্য এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। কর্নাটকের বিজেপি কর্মী এস বিঘ্নেশ শিশির অভিযোগ করেছিলেন যে, রাহুল গান্ধীর ঘোষিত আয়ের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ অনেক বেশি। এই অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট সিবিআই ও ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী।
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা এলাহাবাদ হাইকোর্টের পূর্ববর্তী আদেশগুলো বাতিল করে মামলাটি নতুন করে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারীর জমা দেওয়া অভিযোগ আইনগতভাবে বিচার্য বা গ্রহণযোগ্য কি না, তা হাইকোর্টকে খতিয়ে দেখতে হবে। মামলার সামগ্রিক দিকগুলো নতুন করে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানির সময় অভিযোগকারী সশরীরে উপস্থিত থাকায় আদালতের কার্যক্রমের অডিও-ভিডিও সম্প্রচার বন্ধ রাখা হয়েছিল।
এর আগে ১২ মে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ সিবিআই ও ইডিকে অভিযোগের সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছিল। পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বিস্তারিত রিপোর্ট তলব করে। সেই প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে আবেদন জানান। ১৭ অগস্ট শীর্ষ আদালত হাইকোর্টের কার্যক্রম স্থগিত রাখার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। এখন নতুন নির্দেশের ফলে মামলাটি ফের প্রাথমিক আইনি যোগ্যতার প্রশ্নে হাইকোর্টের বিবেচনাধীন রইল।