আয়বহির্ভূত সম্পত্তি মামলা: এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

আয়বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্টের দেওয়া সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা।
মামলার শুনানিতে রাহুল গান্ধীর আইনজীবী দাবি করেন যে, তাঁকে কোনো নোটিশ না দিয়েই একতরফাভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য শোনার সুযোগ না দেওয়ায় হাইকোর্টের ওই নির্দেশ আইনত ত্রুটিপূর্ণ ছিল। রাহুল গান্ধীর এই যুক্তিকে মান্যতা দিয়ে শীর্ষ আদালত হাইকোর্টের আগের নির্দেশ বাতিল করেছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলাটি নতুন করে শোনার জন্য এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি নতুন বেঞ্চ গঠন করতে হবে। এর আগে গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্ট রাহুলের আবেদনের প্রেক্ষিতে নোটিশ জারি করেছিল। সেই সময় হাইকোর্টের নির্দেশে সিবিআই বা ইডিকে রিপোর্ট জমা দিতে নিষেধ করা হয়েছিল এবং মামলার শুনানি স্থগিত রাখা হয়েছিল। বুধবারের এই রায়ের ফলে আইনি লড়াইয়ে রাহুল গান্ধী সাময়িক স্বস্তি পেলেন।