মজুরি বৃদ্ধি নিয়ে অসন্তোষ, বাংলাদেশে উত্তপ্ত পোশাক শিল্প, বন্ধ ৩৫ কারখানা

মজুরি বৃদ্ধি নিয়ে অসন্তোষ, বাংলাদেশে উত্তপ্ত পোশাক শিল্প, বন্ধ ৩৫ কারখানা

বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা আন্দোলনের প্রেক্ষিতে সরকার মজুরি ৩৬ শতাংশ বৃদ্ধি করে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। আগে এই মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামো অনুযায়ী, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে মজুরি বেড়ে হয়েছে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা। তবে এই মজুরি বৃদ্ধিতে সন্তুষ্ট নন শ্রমিকেরা।

সরকারের এই ঘোষণার পরেই বুধবার সকাল থেকে গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় নতুন করে বিক্ষোভ শুরু হয়। শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ রয়েছে, এই সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং মঙ্গলবার গাজীপুর এলাকায় পুলিশ চৌকিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।

বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুর শিল্পাঞ্চলের অন্তত ৩৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই আন্দোলন নিরসনে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিকেরা তাঁদের ৩০ হাজার টাকার দাবিতে অনড় রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *