বৈভবের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তানভীর আহমেদের

বৈভবের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তানভীর আহমেদের

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে শিরোনামে উঠে এসেছেন তরুণ ক্রিকেটার বৈভব। তাঁর এই অবিশ্বাস্য পারফরম্যান্সের পর এবার বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন পেসার তানভীর আহমেদ। তানভীরের দাবি, ১৫ বছর বয়সী কোনও ক্রিকেটারের পক্ষে এমন বিধ্বংসী ব্যাটিং করা সম্ভব নয়। তাঁর মতে, বৈভবের প্রকৃত বয়স অন্তত ২০ থেকে ২১ বছর হতে পারে।

একটি অনুষ্ঠানে তানভীর আহমেদ দাবি করেন, ১৫ বছরের কোনও ছেলের শারীরিক গঠন এতটা শক্তিশালী হওয়া সম্ভব নয়। বিশেষ করে ২৮টি ছক্কা মারার মতো শারীরিক সক্ষমতা এই বয়সে থাকা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। তানভীরের এই মন্তব্যের পর অনুষ্ঠানের সঞ্চালক বৈভবের বয়স পরীক্ষা করার প্রস্তাব দিলে, প্রাক্তন এই পাক ক্রিকেটার তাতে সম্মতি জানান।

উল্লেখ্য, বৈভব এই ম্যাচে মাত্র ১৬ বলে অর্ধশতরান এবং ২৮ বলে শতরান পূর্ণ করেছিলেন। এরপর ৪০ বলে ১৫০ রান করার পাশাপাশি ৫২ বলে দ্বিশতরান করে একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের নজির গড়েছেন তিনি। এক ইনিংসে ২৮টি ছক্কা মেরে তিনি ভেঙে দিয়েছেন আগের ২৩টি ছক্কার রেকর্ডও। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তানভীর আহমেদের এই মন্তব্য ঘিরে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *