জিমে প্রোটিন পাউডার ও হেলথ সাপ্লিমেন্ট বিক্রিতে কড়া নির্দেশিকা প্রশাসনের

মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) হেলথ সাপ্লিমেন্ট, নিউট্রাসিউটিক্যালস এবং ডায়েটারি খাবারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। রাজ্যজুড়ে জারি করা এই নতুন নির্দেশিকায় প্রস্তুতকারক, আমদানিকারক, পরিবেশক, খুচরো বিক্রেতা, ওষুধের দোকান, জিম এবং ই-কমার্স ওয়েবসাইটগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত স্পোর্টস নিউট্রিশন, ওজন কমানোর সামগ্রী, সেক্সুয়াল ওয়েলনেস এবং ভেষজ পণ্যগুলির ওপর নজরদারি বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জিম মালিকরা যদি তাঁদের প্রতিষ্ঠানে সাপ্লিমেন্ট বিক্রি করতে চান, তবে তাঁদের অবশ্যই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (এফএসএসএআই) বৈধ লাইসেন্স সংগ্রহ করতে হবে। বিক্রেতাদের ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে হবে যে, বিক্রিত পণ্যটি বৈধ এবং তাতে কোনো মিথ্যা দাবি নেই। লাইসেন্স থাকলেই নিম্নমানের বা ভেজাল পণ্য বিক্রির সুযোগ নেই বলে স্পষ্ট করা হয়েছে।
নিউট্রাসিউটিক্যালস ও হেলথ সাপ্লিমেন্টের ভুল ব্যবহার এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমিশনার তুকারাম মুন্ধে। তিনি জানান, জিমগুলোতে প্রোটিন পাউডার খেলে পেশি তৈরি হবে বলে যে দাবি করা হয়, তার কোনো আইনি ভিত্তি নেই। কোনো প্রস্তুতকারক সংস্থা পণ্যের লেবেলে নির্দিষ্ট স্বাস্থ্যগত উপকারিতার দাবি ছাপাতে পারবে না। বিনা অনুমতিতে বা নিয়ম ভেঙে এই ধরনের সামগ্রী বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।