রাজ্যে নামছে তাপমাত্রা, আগামী কয়েক দিনে ৩ থেকে ৪ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস

নিম্নচাপের প্রভাব কাটতেই রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যজুড়ে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এর ফলে শীতের আমেজ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ গোটা রাজ্যেই ধীরে ধীরে পারদ নামতে শুরু করবে। কলকাতায় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। এছাড়া রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন ঠান্ডার দাপট বজায় থাকবে।
বর্তমানে মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ড, বিহার ও বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে। তবে এই পরিস্থিতির প্রভাব সত্ত্বেও কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি আকাশ পরিষ্কার থাকবে। তবে তাপমাত্রা হ্রাসের পাশাপাশি আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।