রাতে ঘুম ভেঙে বুক ধড়ফড় করছে? ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কবার্তা

রাতে ঘুম ভেঙে বুক ধড়ফড় করছে? ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কবার্তা

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ঘুমের মধ্যে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়াকে নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। রক্তে শর্করার মাত্রা কমে গেলে শরীর তাকে বিপদের সংকেত হিসেবে গ্রহণ করে এবং অ্যাড্রিনালিন ও কর্টিসলের মতো হরমোন নিঃসরণ করে। এর ফলে ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় করা, হাত-পা কাঁপা বা অস্থিরতার মতো লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় ঘুমের মধ্যেই এই সমস্যা চলতে থাকে, যার প্রভাবে পরের দিন সকালে ক্লান্তি, মাথাব্যথা, মেজাজ খিটখিটে হওয়া এবং কাজে মনোযোগের অভাব দেখা দেয়।

চিকিৎসকদের মতে, প্রয়োজনের তুলনায় বেশি ইনসুলিন নেওয়া, রাতের খাবার বাদ দেওয়া, অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা মদ্যপানের কারণে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে। বিশেষ করে টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত রোগী এবং যাঁরা ইনসুলিন বা নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করেন, তাঁদের ঝুঁকি বেশি থাকে। বয়স্ক ব্যক্তি বা কিডনির সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর হতে পারে, যার ফলে বিভ্রান্তি, অজ্ঞান হয়ে যাওয়া বা খিঁচুনির মতো সমস্যা দেখা দিতে পারে।

এই সমস্যা এড়াতে নিয়মিত সময়ে খাবার খাওয়া এবং রাতে ঘুমানোর আগে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা জরুরি। সন্ধ্যায় শরীরচর্চা করলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বারবার রাতে শর্করা কমে যাওয়ার সমস্যা হলে চিকিৎসকের পরামর্শে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বা সিজিএম যন্ত্র ব্যবহার করা যেতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিজের ইচ্ছায় ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধের মাত্রা পরিবর্তন বা বন্ধ করা উচিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *