হুগলি মোহনায় ধাতব দূষণ কমল ৩৭.৭৬ শতাংশ, জানাল আইআইটি খড়গপুরের সমীক্ষা

হুগলি মোহনায় ধাতব দূষণ কমল ৩৭.৭৬ শতাংশ, জানাল আইআইটি খড়গপুরের সমীক্ষা

আইআইটি খড়গপুরের সাম্প্রতিক এক গবেষণায় হুগলি মোহনায় ধাতব দূষণ কমার ইতিবাচক চিত্র উঠে এসেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘জিওহেলথ’-এ প্রকাশিত এই গবেষণাপত্র অনুযায়ী, মোহনায় ধাতব দূষণের মাত্রা ৩৭.৭৬ শতাংশ হ্রাস পেয়েছে। গবেষকদের মতে, ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই এলাকায় দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে ছিল। তবে ২০১৫ সালের পর থেকে দূষণের সূচক উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে এবং সর্বনিম্ন ০.৬১-এ নেমে আসে।

গবেষণায় ‘পপুলেশন নরমালাইজড পলিউশন লোড’ (পিএনপিএল) নামক একটি নতুন সূচক ব্যবহার করা হয়েছে, যা জনসংখ্যার চাপের নিরিখে পলিমাটির দূষণ পরিমাপ করে। কলকাতা শহরের বিপুল জনসংখ্যা, শিল্পবর্জ্য, কৃষিজ বর্জ্য এবং বন্দরের বর্জ্য সরাসরি হুগলি মোহনায় মেশার পরেও এই পরিবর্তনকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। গবেষকদের মতে, ১৯৮৬ সালের ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’, ২০১৪ সালের ‘নমামি গঙ্গে’ এবং ‘স্বচ্ছ গঙ্গা অভিযান’-এর মতো সরকারি পদক্ষেপের ফলেই এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে।

আইআইটি খড়গপুরের গবেষক সোহম চট্টোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, অনিন্দ্য দাস, গুঞ্জন রায়, স্মৃতিরেখা মোহান্ত ও সুচরিতা চক্রবর্তীর নেতৃত্বে এই সমীক্ষাটি সম্পন্ন হয়েছে। তবে গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, দূষণের সূচক কমলেও বাস্তুতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে এমনটা ভাবার অবকাশ নেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বর্জ্য জল ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণ নীতি কঠোরভাবে কার্যকর করার ওপর তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *