মণিপুরের উইপোকা খেয়েই দীর্ঘ পথ পাড়ি দেয় আমুর ফ্যালকন, প্রকাশ্যে এল রহস্য

মণিপুরের উইপোকা খেয়েই দীর্ঘ পথ পাড়ি দেয় আমুর ফ্যালকন, প্রকাশ্যে এল রহস্য

মণিপুরের তামেংলং থেকে আমুর ফ্যালকন পাখির দীর্ঘ ও অবিশ্বাস্য উড়ানের নজির সামনে এসেছে। স্যাটেলাইট ট্যাগ লাগানো ‘আলাং’ নামের একটি স্ত্রী ফ্যালকন মাত্র ১০১ ঘণ্টায় ৫,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোমালিয়ায় পৌঁছেছে। এছাড়া ‘আপাং’ নামের আরেকটি পুরুষ ফ্যালকন ৫,৪০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এই পাখিরা বছরে প্রায় ২২,০০০ কিলোমিটার পথ পাড়ি দেয় এবং ২৩টি দেশ ভ্রমণ করে। একটানা দীর্ঘ এই ম্যারাথন উড়ানের শক্তি তারা মূলত মণিপুরের পাহাড়ে থাকাকালীন সঞ্চয় করে থাকে।

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (ডব্লিউআইআই)-এর রিপোর্ট অনুযায়ী, শরৎকালে মণিপুরে বিরতির সময় এই পাখিরা প্রচুর পরিমাণে ‘ওডোন্টোটার্মেস ফি’ প্রজাতির উইপোকা শিকার করে। অক্টোবর ও নভেম্বর মাসে মাটির নিচের কলোনি থেকে বেরিয়ে আসা এই উইপোকা খেয়ে পাখিদের শরীরে প্রচুর চর্বি জমে। সাগর পাড়ি দেওয়ার সময় যখন কোনো খাবার বা জল পাওয়া যায় না, তখন শরীরের এই সঞ্চিত চর্বিই তাদের জ্বালানি হিসেবে কাজ করে। এছাড়া আরব সাগর পার হওয়ার সময় অনুকূল বাতাসও তাদের যাত্রায় বড় ভূমিকা রাখে।

এক সময় মণিপুরের তামেংলং জেলায় নির্বিচারে আমুর ফ্যালকন শিকার করা হতো। এক দশক আগেও প্রতি মরশুমে লক্ষাধিক পরিযায়ী পাখি মারা পড়ত। তবে ২০১৮ সালে একটি স্যাটেলাইট ট্যাগযুক্ত পাখি শিকারের ঘটনার পর প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা জারি করে। বর্তমানে স্থানীয় গ্রামবাসী, বন দফতর এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে পাখিদের সুরক্ষায় কাজ করছেন। সচেতনতা বৃদ্ধির ফলে শিকারি থেকে এই পাখিদের রক্ষাকর্তায় পরিণত হয়েছেন স্থানীয় মানুষ, যা ডব্লিউআইআই-এর রিপোর্টেও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *