সপ্তাহের শেষে ১৭ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা, জানাল আবহাওয়া দফতর

কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের আমেজ আরও স্পষ্টভাবে অনুভূত হবে। দিনের বেলায় রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে আবহাওয়া বেশ ঠান্ডা থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমছে। ২৫ ও ২৬ নভেম্বর তা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নেমে ১৭ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যার ফলে সকাল ও রাতের দিকে শীতের আমেজ বাড়বে। উত্তরবঙ্গের আট জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
এদিকে, আগামী ২৯ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এর গতিপ্রকৃতি এবং বাংলায় সম্ভাব্য প্রভাব সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই ডিসেম্বরের শুরুতে বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আপাতত শুষ্ক আবহাওয়া এবং রাতের তাপমাত্রা হ্রাসের মাধ্যমেই শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী।