হিজাব না পরে গান গাওয়ার অপরাধে ইরানি গায়িকাকে ৭৪ ঘা চাবুক মারল প্রশাসন

হিজাব না পরে গান গাওয়ার অপরাধে ইরানি গায়িকাকে ৭৪ ঘা চাবুক মারল প্রশাসন

হিজাব না পরে প্রকাশ্যে গান গাওয়ার দায়ে ইরানের ২৯ বছর বয়সি গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ ঘা চাবুক মারার শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর গানের দলের তিন সদস্য এবং এক প্রযোজককেও সমপরিমাণ চাবুকপেটা করা হয়েছে। গত জুনে কোম প্রদেশের একটি আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছিল। পরবর্তীতে আপিল আদালতে আবেদন জানানো হলেও গত সেপ্টেম্বরে তা খারিজ হয়ে যায় এবং সোমবার এই কঠোর সাজা কার্যকর করা হয়।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে, যখন পারাস্তু আহমাদি একটি অনলাইন কনসার্টের ভিডিয়ো ইউটিউবে প্রকাশ করেন। ঐতিহাসিক দেইর-এ গাচিন ক্যারাভানসেরাইয়ের প্রাঙ্গণে রেকর্ড করা ওই অনুষ্ঠানে গায়িকাকে হাতাকাটা পোশাকে এবং খোলা চুলে দেখা গিয়েছিল। ইরানের আইন অনুযায়ী, প্রকাশ্য স্থানে মহিলাদের চুল ঢেকে রাখা এবং শালীন পোশাক পরা বাধ্যতামূলক। এছাড়া মহিলাদের একক সংগীত পরিবেশন এবং পুরুষদের সঙ্গে যৌথ উপস্থিতির ওপরও দেশটিতে কঠোর বিধিনিষেধ রয়েছে।

আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে জনশালীনতা লঙ্ঘন এবং অশালীন বিষয়বস্তু তৈরির অভিযোগ আনা হয়েছিল। যদিও তাঁরা এই অভিযোগ অস্বীকার করেছিলেন। চাবুক মারার পাশাপাশি তাঁদের দু’বছর সঙ্গীত পরিবেশন এবং ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই অমানবিক শাস্তির ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান-এর মতো মানবাধিকার সংগঠনগুলি একে মৌলিক অধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *