রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৮টি বিলে অনুমোদন, বাড়ছে প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা

রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে আটটি গুরুত্বপূর্ণ বিলের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজকর্ম ও ব্যবসার পরিবেশ সহজ করার লক্ষ্যে এই বিলগুলো আনা হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদনের পর এই বিলগুলো রাজ্যপালের কাছে পাঠানো হবে এবং পরবর্তী ধাপে বিধানসভার শীতকালীন অধিবেশনে পেশ করা হবে।
মন্ত্রিসভার অনুমোদিত বিলগুলোর মধ্যে রয়েছে পঞ্চায়েত আইন সংশোধনী, ভূমি সংস্কার আইন সংশোধনী এবং এমএসএমই ও বস্ত্র দফতরের অধীনে ‘ওয়েস্ট বেঙ্গল ইজ অফ ডুয়িং বিজনেস বিল ২০২৬’। এছাড়া অর্থ দফতরের অধীনে বিক্রয় কর সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি সংশোধনী বিল আনা হচ্ছে। শ্রম দফতরের সংস্কারের আওতায় দোকানদাররা এখন থেকে চাইলে সারারাত দোকান খোলা রাখতে পারবেন।
প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানে এই ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হচ্ছে। পাশাপাশি, শ্রম দফতরের অধীনে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিধি এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সরাই লাইসেন্স বাতিল সংক্রান্ত বিলও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের জন্যও একটি বিল আনা হচ্ছে।