রাজ্যে চালু হচ্ছে ‘ভরসা’ প্রকল্প, জানুয়ারি থেকেই মিলবে ভাতা

রাজ্যে যুবসাথী প্রকল্পের পরিবর্তে নতুন ‘ভরসা’ প্রকল্প চালু হতে চলেছে। এই প্রকল্পের আওতায় স্নাতক এবং সরকারি ভোকেশনাল বা আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়ারা আগামী ১৫ মাস প্রতি মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন। অন্যান্য যোগ্য প্রার্থীরা পাবেন ১৫০০ টাকা করে। ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ৩০০০ ও ২০০০ টাকা করা হবে বলে জানানো হয়েছে। সরকারি কোষাগারের ওপর আর্থিক চাপের কারণে আপাতত ভাতার অঙ্ক কিছুটা কমিয়ে নির্ধারণ করা হয়েছে।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন শর্ত আরোপ করা হয়েছে। একটি পরিবার থেকে সর্বোচ্চ দু’জন এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীরা এই প্রকল্পের আওতায় আসবেন না, কারণ তারা ইতিমধ্যেই ৩০০০ টাকা ভাতা পাচ্ছেন। এছাড়া ৪৫ বছর বয়স অতিক্রম করলে বা চাকরি পেলে তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। বর্তমানে পুরনো তালিকার ডিজিটাইজড আবেদনগুলি যাচাইয়ের কাজ চলছে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
যাঁরা আগে আবেদন করেননি বা তালিকা থেকে বাদ পড়েছেন, তারা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি বা সিএমআরও-র গ্রিভেন্স সেলে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করতে পারবেন। যুব কল্যাণ দফতর নোডাল দফতর হিসেবে এই আবেদনগুলি খতিয়ে দেখবে এবং প্রতি ১৫ দিন অন্তর তালিকা সংশোধন করা হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে পেমেন্টের সময় তালিকা হালনাগাদ করা হবে। পাশাপাশি, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে নতুন নিয়োগ এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানানো হয়েছে।