দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লি এলাকায় বিজেপি নেতা শ্যাম কুমার দাসকে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিজয় নন্দীর বাড়ি ভেঙে ফেলল প্রশাসন। সোমবার দুপুরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ও বিডিও দেবদ্বীপ বৈরাগীর উপস্থিতিতে বুলডোজার চালিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, কোনো বৈধ অনুমতি ছাড়াই বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল।
চলতি মাসের ১০ তারিখ রাতে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লি এলাকায় বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যাম কুমার দাসকে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত বিজয় নন্দী ছাড়াও অজয় নন্দী ও প্রসূন পাণ্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাড়ি নির্মাণের বৈধ অনুমোদন না থাকায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফে অভিযুক্তকে আগেই নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সেই নোটিসের কোনো সন্তোষজনক জবাব না মেলায় আইনানুগভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বিডিও দেবদ্বীপ বৈরাগী জানিয়েছেন, বাড়িটি সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করা হয়েছিল এবং কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তা ভেঙে ফেলা হয়েছে।