কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘কালিয়া’: ভারতীয় পুরাণের প্রেক্ষাপটে আসছে মনস্টার থ্রিলার

কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘কালিয়া’: ভারতীয় পুরাণের প্রেক্ষাপটে আসছে মনস্টার থ্রিলার

নিজের ৩৫তম জন্মদিনে অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর নতুন ছবি ‘কালিয়া’-র ঘোষণা করেছেন। করণ জোহরের ধর্মা প্রোডাকশনস এবং ডোপামিন স্টুডিওসের প্রযোজনায় নির্মিত এই ছবিটি একটি মনস্টার থ্রিলার ঘরানার হতে চলেছে। ছবির একটি রহস্যময় ভিডিও প্রকাশ্যে এনে করণ জোহর জানিয়েছেন, শ্রীকৃষ্ণ যাকে দূরে পাঠিয়েছিলেন, মানুষ তাকেই ফিরিয়ে এনেছে। এই পৌরাণিক ইঙ্গিত ঘিরেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ মোদি, যিনি এর আগে ‘দ্য নাইট ম্যানেজার’ ও ‘আর্যা’-র মতো সিরিজ পরিচালনা করেছেন। এটি তাঁর প্রথম হিন্দি ফিচার ফিল্ম। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি হলিউডের ধাঁচে নয়, বরং ভারতীয় লোককথা ও পুরাণের শিকড়কে কেন্দ্র করে আধুনিক মনস্টার থ্রিলার হিসেবে গড়ে তোলা হবে। ধর্মা প্রোডাকশনসও এই প্রথমবার এই ধরনের কোনো থ্রিলার ঘরানার ছবি প্রযোজনা করছে।

আগামী ৫ মে, ২০২৮ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কার্তিক আরিয়ানের ঝুলিতে ‘কালিয়া’ ছাড়াও আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যান্টাসি কমেডি ‘নাগজিলা’, কবীর খানের পরিচালনায় ‘লড়াকু’ এবং শিমিত আমিনের ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ছবি থেকে শুরু করে ফ্যান্টাসি ঘরানা—সব মিলিয়ে আগামী দিনে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *