শীতকালে চুলের রুক্ষতা ও ডগা ফাটা রোধে বাড়িতেই তৈরি করুন বিশেষ হেয়ার অয়েল

শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে চুল প্রাণহীন হয়ে পড়া এবং ডগা ফাটার মতো সমস্যা অনেকেরই দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ বিশেষ হেয়ার অয়েল। এর জন্য প্রয়োজন এক কাপ নারকেল তেল, দুই টেবিল চামচ ক্যাস্টর অয়েল, দুই টেবিল চামচ শুকনো আমলকি, এক টেবিল চামচ মেথি, দশ-বারোটি কারিপাতা এবং এক চা-চামচ কালোজিরে। এই তেল তৈরিতে কোনো দামি রাসায়নিক পণ্যের প্রয়োজন হয় না।
প্রথমে প্যানে কম আঁচে নারকেল তেল গরম করে তাতে গুঁড়ো করা মেথি ও কালোজিরে মিশিয়ে নিন। এরপর আমলকি ও কারিপাতা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিন। কারিপাতা মুচমুচে হয়ে এলে গ্যাস বন্ধ করে তেল ঠান্ডা হতে দিন। তেল ঠান্ডা হলে ছেঁকে নিয়ে তাতে ক্যাস্টর অয়েল মিশিয়ে একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন। ব্যবহারের সময় তেলটি সরাসরি গরম না করে গরম জলের পাত্রে বাটি রেখে হালকা গরম করে নেওয়া ভালো।
মাথার তালু ও চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই তেল আলতো হাতে মালিশ করুন। এক ঘণ্টা রেখে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুইবার এই তেল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। নারকেল তেল চুলের আর্দ্রতা ধরে রাখে, আমলকি ও কারিপাতা চুল কন্ডিশন করে এবং মেথি ও কালোজিরে চুলের বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে রুক্ষ ও প্রাণহীন চুল সতেজ হয়ে ওঠে।