অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভর্তি ভেন্টিলেশনে

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত ৯টা নাগাদ নিজের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।
বর্তমানে বিধায়ক শহরের ওই বেসরকারি হাসপাতালের ইন্টেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে বিষক্রিয়ার প্রভাবের কথা জানা গেলেও, কী ধরনের বিষক্রিয়া বা কীভাবে তা শরীরে প্রবেশ করল, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
রবিবার সকালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় হাসপাতালে পৌঁছে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তবে বিজেপি জেলা নেতৃত্ব বা পরিবারের পক্ষ থেকে অসুস্থতার কারণ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হওয়া রেখা পাত্র পরবর্তীতে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। তাঁর এই আকস্মিক অসুস্থতায় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।